18-Oct-2025  

স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা ভিয়েনা থেকে খুব দূরে নয়৷মোটামুটি এক ঘন্টার পথ৷ তবে ভিয়েনার ঔজ্জ্বল্যের কাছে সে ম্রিয়মান৷ লোকসংখ্যা খুব কম৷ সব কিছু ততটা গুছোনোও নয়৷ ট্র্যাফিক-এর ব্যবস্থাপনায় অনেক খামতি আছে৷ অতিপ্রাচীন সৌধগুলির কোথা কোথাও হাড়পাঁজরা বের করা৷ প্রাচীনতা ষোড়শ শতাব্দী পর্যন্ত বোধ হয় পৌঁছবে না৷ কিন্তু তার নম্রতা আছে৷ ঐশ্বর্য প্রদর্শনের কোনও গরজ নেই৷ মানুষজন বড় সরল৷ একটু হাসলেই দাঁড়িয়ে পড়ে৷ কথা বলবার জন্য উন্মুখ৷ মনে হল খুব আড্ডাবাজ৷ ট্রাম বাসের চেহারা ইউরোপের আর আর ধনী দেশের মতই অবশ্য৷ ভাষা না জানার সুবাদে চলাফেরায় একটু হয়রান হতে হল৷ ইউরোপের অ-ইংরেজীভাষী দেশগুলিতে বাইরের দেশের যে যতই চালিয়াতি করে বলুক না কেন ওরা দিব্যি ইরেজী বলতে পারে সকলে - কথাটা ডাহা মিথ্যে৷ বরং এখানে দেখলাম জার্মানটা অনেকে জানে৷ আসলে হয়তো নৈকট্যের জন্যই৷ খুব ভাল লাগল শহরটা৷ দুটো বড় স্টেশন আছে৷ আপনাকে জানতে হবে ইউরোপের অন্য শহরে যেতে কোন স্টেশনে গিয়ে জমতে হবে৷ Hlavná stanica (হ্লাবনা স্তানিচা) নয়,Bratislava Petrzalka. তবে ছিমছাম শহর৷ পুরোনো কালের কলকাতার কথা মনে পড়িয়ে দেয়৷ খুব ভাল লাগল শহরটা৷ মন ভরে গেল৷